ভূমিকা
জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ, কৃষিজমি কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং নিরাপদ খাদ্যের চাহিদা—সব মিলিয়ে ভবিষ্যতের কৃষিকে একই সঙ্গে কম জায়গায় বেশি উৎপাদনশীল, পানি সাশ্রয়ী, প্রযুক্তিনির্ভর এবং পরিবেশ-সচেতন হতে হবে। বিশেষ করে বড় শহর ও ঘনবসতিপূর্ণ এলাকায় কৃষিজমির সংকট দিন দিন প্রকট হচ্ছে। এই বাস্তবতায় প্রচলিত সমতল জমির পাশাপাশি নতুন ধরনের কৃষি ব্যবস্থার প্রয়োজন দেখা দিয়েছে। ভার্টিক্যাল ফার্মিং বা উল্লম্ব কৃষি সেই সম্ভাবনাময় প্রযুক্তিগুলোর একটি। ভার্টিক্যাল ফার্মিং হলো এমন একটি আধুনিক কৃষি ব্যবস্থা, যেখানে একই জায়গায় গাছকে একাধিক স্তরে বা লেয়ারে উল্লম্বভাবে উৎপাদন করা হয়। FAO-এর AGROVOC অনুযায়ী, এটি এমন একটি উৎপাদন পদ্ধতি যেখানে ভবন বা অন্য কাঠামোর একাধিক স্তরে ফসল উৎপাদন করা হয় এবং নিয়ন্ত্রিত আলো ও পুষ্টি ব্যবস্থার ব্যবহার থাকতে পারে। আধুনিক ভার্টিক্যাল ফার্মিং সাধারণত Controlled Environment Agriculture (CEA)-এর সঙ্গে যুক্ত। এখানে আলো, তাপমাত্রা, আর্দ্রতা, পানি, পুষ্টি, বায়ু চলাচল এবং কখনো কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ফলে আবহাওয়া ও মৌসুমের ওপর নির্ভরশীলতা অনেকাংশে কমিয়ে নির্দিষ্ট ফসল সারা বছর উৎপাদনের সুযোগ তৈরি করা যায়। তবে ভার্টিক্যাল ফার্মিংকে কৃষির সব সমস্যার একক সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। এর যেমন রয়েছে জমি ও পানির দক্ষ ব্যবহারের সম্ভাবনা, তেমনি রয়েছে উচ্চ প্রাথমিক বিনিয়োগ, বিদ্যুৎ খরচ, প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জ। তাই এ প্রযুক্তি গ্রহণের আগে বৈজ্ঞানিক ও অর্থনৈতিক বিশ্লেষণ অত্যন্ত জরুরি।
ভার্টিক্যাল ফার্মিং কী:
সহজ ভাষায়, একই জায়গায় একাধিক স্তরে উল্লম্বভাবে ফসল উৎপাদনের ব্যবস্থাই ভার্টিক্যাল ফার্মিং। প্রচলিত কৃষিতে একটি জমির সমতল অংশে একটি স্তরে ফসল উৎপাদন করা হয়। কিন্তু ভার্টিক্যাল ফার্মে র্যাক বা তাকের মতো কাঠামো তৈরি করে ওপরের দিকে একাধিক উৎপাদন স্তর তৈরি করা হয়। ফলে একই মেঝের জায়গায় একাধিক স্তরে ফসল উৎপাদন সম্ভব হয়। উদাহরণ হিসেবে একটি ঘরের মেঝেতে যদি শুধু একটি স্তরে লেটুস চাষ করা হয়, তাহলে জায়গাটির উৎপাদন ক্ষমতা সীমিত থাকবে। কিন্তু একই ঘরে চার-পাঁচটি স্তর তৈরি করে প্রতিটি স্তরে লেটুস উৎপাদন করলে একই footprint-এর ওপর উৎপাদনক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে শুধু র্যাক বসালেই ভার্টিক্যাল ফার্মিং হয় না। আধুনিক ব্যবস্থায় উৎপাদন কাঠামোর সঙ্গে আলো, পানি, পুষ্টি, তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু চলাচল সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করতে হয়।
ভার্টিক্যাল ফার্মিং ও হাইড্রোপনিক্স কি একই: না। দুটি বিষয় পরস্পরের সঙ্গে সম্পর্কিত হলেও এক নয়। হাইড্রোপনিক্স হলো মাটিবিহীন চাষ পদ্ধতি, যেখানে উদ্ভিদকে পানির মাধ্যমে দ্রবীভূত পুষ্টি সরবরাহ করা হয়। অন্যদিকে ভার্টিক্যাল ফার্মিং হলো এমন একটি উৎপাদন কাঠামো যেখানে ফসল একাধিক স্তরে উল্লম্বভাবে উৎপাদন করা হয়। অর্থাৎ একটি ভার্টিক্যাল ফার্মে হাইড্রোপনিক্স ব্যবহার করা যেতে পারে, আবার অ্যারোপনিক্স বা growing media-ভিত্তিক ব্যবস্থাও ব্যবহার করা সম্ভব।
ভার্টিক্যাল ফার্মিংয়ের প্রধান ধরন
হাইড্রোপনিক ভার্টিক্যাল ফার্মিং
এ পদ্ধতিতে মাটির পরিবর্তে পুষ্টি সমৃদ্ধ পানি ব্যবহার করা হয়। গাছের শিকড় সরাসরি nutrient solution-এর সংস্পর্শে থাকতে পারে অথবা কোকোপিট, পার্লাইট ইত্যাদি growing media ব্যবহার করা যেতে পারে। হাইড্রোপনিক ব্যবস্থার বড় সুবিধা হলো পানি ও পুষ্টির প্রবাহ তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রাখা যায়। তবে পানির pH, EC, অক্সিজেন, তাপমাত্রা এবং রোগজীবাণুর উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
অ্যারোপনিক ভার্টিক্যাল ফার্মিং
এ পদ্ধতিতে গাছের শিকড় সাধারণত বাতাসে ঝুলন্ত থাকে এবং নির্দিষ্ট সময় পরপর পুষ্টি দ্রবণের সূক্ষ্ম কুয়াশা শিকড়ে প্রয়োগ করা হয়। এতে শিকড় পর্যাপ্ত অক্সিজেন পাওয়ার সুযোগ পায়। তবে pump, nozzle এবং automation-এর ওপর নির্ভরতা বেশি হওয়ায় যান্ত্রিক ত্রুটি হলে দ্রুত গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে।
Aquaponic ব্যবস্থা: Aquaponics-এ মাছ চাষ ও উদ্ভিদ উৎপাদনকে একই ব্যবস্থায় যুক্ত করা হয়। মাছের বর্জ্য থেকে পাওয়া পুষ্টি ব্যাকটেরিয়ার মাধ্যমে উদ্ভিদের জন্য ব্যবহারযোগ্য রূপে পরিণত হয় এবং উদ্ভিদ পানি পরিশোধনে ভূমিকা রাখে। এটি তুলনামূলক জটিল ব্যবস্থা হওয়ায় মাছ ও উদ্ভিদের পরিবেশগত চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়।
Growing media-ভিত্তিক উল্লম্ব চাষ: কোকোপিট, পার্লাইট, ভার্মিকুলাইট বা অন্যান্য উপযোগী মাধ্যম ব্যবহার করেও উল্লম্ব চাষ করা যায়। ছোট উদ্যোক্তাদের জন্য এই পদ্ধতি অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে সহজ হতে পারে।
ভার্টিক্যাল ফার্মিংয়ে কোন ফসল বেশি উপযোগী
সব ধরনের ফসল ভার্টিক্যাল ফার্মিংয়ের জন্য সমান উপযোগী নয়। সাধারণত দ্রুত বেড়ে ওঠে, আকার ছোট এবং বাজারমূল্য তুলনামূলক বেশি—এমন ফসল বেশি উপযোগী।
বিশেষ করে—
- লেটুস
- পালং শাক
- বিভিন্ন leafy vegetable
- ধনেপাতা
- পুদিনা
- তুলসী
- কেল
- মাইক্রোগ্রিন
- বিভিন্ন culinary herbs
ভার্টিক্যাল ফার্মিংয়ের জন্য উপযোগী: টমেটু, শসা, ক্যাপসিকাম ও স্ট্রবেরির মতো ফলধারী ফসলও নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদন করা যায়। তবে এসব ফসলে বেশি জায়গা, support structure, pollination management, pruning এবং দীর্ঘ উৎপাদনকাল প্রয়োজন। তাই নতুন উদ্যোক্তার জন্য শুরুতে লেটুস, মাইক্রোগ্রিন ও herbs-এর মতো ফসল তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত। ২০২৫ সালের একটি বিস্তৃত পর্যালোচনায় দেখা গেছে, বর্তমান বাণিজ্যিক ও গবেষণামূলক ভার্টিক্যাল ফার্মিংয়ে leafy vegetable, বিশেষ করে lettuce, গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এর কারণ হলো এর তুলনামূলক ছোট আকার, দ্রুত উৎপাদনচক্র এবং উচ্চ harvest index।
ভার্টিক্যাল ফার্মিংয়ের প্রয়োজনীয় অবকাঠামো
একটি সফল ভার্টিক্যাল ফার্মের ভিত্তি হলো উপযুক্ত অবকাঠামো। প্রথমে শক্তিশালী ও নিরাপদ rack system তৈরি করতে হবে। র্যাকের উচ্চতা এমন হতে হবে যাতে গাছের বৃদ্ধি, আলো পৌঁছানো, সেচ, পরিচর্যা ও ফসল সংগ্রহ সহজ হয়।
এর সঙ্গে প্রয়োজন হতে পারে—
LED grow light: সূর্যালোক পর্যাপ্ত না হলে কৃত্রিম আলো দিতে হয়।
পাম্প ও পানি সরবরাহ ব্যবস্থা: nutrient solution চলাচলের জন্য।
Reservoir: পুষ্টি দ্রবণ সংরক্ষণের জন্য।
pH ও EC meter: পুষ্টি দ্রবণের গুণমান পর্যবেক্ষণের জন্য।
Fan ও ventilation system: বায়ু চলাচল ও তাপ নিয়ন্ত্রণের জন্য।
Temperature ও humidity sensor: পরিবেশ পর্যবেক্ষণের জন্য।
Automation system: প্রয়োজন অনুযায়ী আলো, সেচ ও climate control পরিচালনার জন্য।
আলো ব্যবস্থাপনা
ভার্টিক্যাল ফার্মিংয়ে আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান প্রক্রিয়া photosynthesis-এর জন্য আলো অপরিহার্য।
ইনডোর ফার্মে প্রাকৃতিক সূর্যালোক না থাকলে LED grow light ব্যবহার করা হয়। তবে শুধু বেশি আলো দিলেই ভালো ফলন হবে না। আলোর তীব্রতা, দৈনিক আলোককাল এবং spectrum ফসলের চাহিদা অনুযায়ী নির্ধারণ করতে হবে।
অতিরিক্ত আলো বিদ্যুৎ খরচ বাড়াবে। আবার প্রয়োজনের তুলনায় কম আলো দিলে গাছ দুর্বল ও দীর্ঘাকৃতির হতে পারে।
বর্তমান গবেষণায় ভার্টিক্যাল ফার্মের মোট শক্তি ব্যবহারের বড় অংশ lighting এবং climate control-এর জন্য ব্যয় হয় বলে দেখা গেছে। ২০২৫ সালের একটি review-তে lettuce উৎপাদনে literature-ভিত্তিক specific energy consumption প্রায় ১০–১৮ kWh/kg পাওয়া গেছে।
তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ
ভার্টিক্যাল ফার্মিংয়ের অন্যতম সুবিধা হলো পরিবেশ নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই সুবিধা বজায় রাখতে energy-intensive equipment প্রয়োজন হতে পারে। অতিরিক্ত তাপ গাছের photosynthesis, respiration ও পানি ব্যবস্থাপনায় সমস্যা তৈরি করতে পারে। আবার অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাক ও রোগের ঝুঁকি বাড়ে। তাই temperature, relative humidity এবং air movement-এর মধ্যে ভারসাম্য রাখতে হবে। ফসলের প্রজাতি ও বৃদ্ধির পর্যায় অনুযায়ী পরিবেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত।
পানি ও পুষ্টি ব্যবস্থাপনা
হাইড্রোপনিক ভার্টিক্যাল ফার্মে পানি হলো উৎপাদনের অন্যতম প্রধান উপাদান। পানিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার ও প্রয়োজনীয় micronutrients সঠিক অনুপাতে সরবরাহ করতে হয়। এখানে pH এবং EC নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টি দ্রবণের pH অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কিছু পুষ্টি গাছের জন্য কম সহজলভ্য হয়ে যেতে পারে। আবার EC অতিরিক্ত হলে লবণজনিত চাপ তৈরি হতে পারে।তাই আন্দাজ করে সার না দিয়ে ফসলভিত্তিক nutrient management অনুসরণ করা উচিত।
পানি পুনঃব্যবহারের সুবিধা ও ঝুঁকি
Recirculating hydroponic system-এ একই পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করা যায়। ফলে প্রচলিত কৃষির তুলনায় পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানোর সুযোগ রয়েছে। তবে পানি পুনঃব্যবহার করলে একটি বিশেষ ঝুঁকিও থাকে। কোনো রোগজীবাণু পানিতে প্রবেশ করলে পুরো production system-এ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এ কারণে filtration, sanitation, পানির মান পর্যবেক্ষণ এবং আক্রান্ত গাছ দ্রুত অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। FAO-এর ২০২৫ সালের indoor farming review-তেও enclosed farming ব্যবস্থায় পানি, বীজ, substrate এবং মানব ব্যবস্থাপনার মাধ্যমে food-safety hazard প্রবেশের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা
ভার্টিক্যাল ফার্ম সম্পূর্ণ রোগ-পোকামুক্ত নয়। বরং একটি আবদ্ধ ব্যবস্থায় কোনো রোগজীবাণু প্রবেশ করলে অনুকূল পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শুরু থেকেই biosecurity ব্যবস্থা তৈরি করতে হবে। সুস্থ বীজ ও চারা ব্যবহার, কর্মীদের পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখা, আক্রান্ত গাছ দ্রুত অপসারণ এবং ফার্মের ভেতর ও বাইরে পরিষ্কার রাখা জরুরি। অতিরিক্ত আর্দ্রতা ও পাতায় দীর্ঘ সময় পানি জমে থাকা এড়াতে হবে। প্রয়োজন অনুযায়ী biological control এবং নিরাপদ অনুমোদিত pest management ব্যবহার করা যেতে পারে।
ভার্টিক্যাল ফার্মিংয়ের প্রধান সুবিধা
ভার্টিক্যাল ফার্মিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো জমির দক্ষ ব্যবহার। প্রথমত: একই মেঝের জায়গায় কয়েকটি স্তর তৈরি করে উৎপাদন করা যায়। দ্বিতীয়ত: শহরের কাছাকাছি উৎপাদন করা সম্ভব। ফলে harvest-এর পর দীর্ঘ দূরত্বে পরিবহনের প্রয়োজন কমতে পারে। তৃতীয়ত: পরিবেশ নিয়ন্ত্রণের কারণে সারা বছর উৎপাদনের সুযোগ রয়েছে। চতুর্থত: পানি ও পুষ্টি নিয়ন্ত্রিতভাবে সরবরাহ করা যায়। পঞ্চমত: নিয়ন্ত্রিত পরিবেশে অনেক বহিরাগত পোকা ও আবহাওয়াজনিত ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব। ষষ্ঠত, উৎপাদন ব্যবস্থাকে sensor ও automation-এর মাধ্যমে তথ্যনির্ভর করা যায়। FAO ভার্টিক্যাল ফার্মিংয়ের সম্ভাব্য সুবিধার পাশাপাশি এর শক্তি, প্রযুক্তি, রোগ ব্যবস্থাপনা, দক্ষ জনবল এবং বাজারজাতকরণসংক্রান্ত চ্যালেঞ্জগুলোকেও গুরুত্ব দিয়েছে।
ভার্টিক্যাল ফার্মিংয়ের সীমাবদ্ধতা :সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো বিদ্যুৎ খরচ। বিশেষ করে সম্পূর্ণ indoor বা sunless farm-এ artificial lighting, cooling, ventilation, pumping এবং humidity control-এর জন্য প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হতে পারে। ২০২৫ সালের গবেষণায় lettuce-এর জন্য ভার্টিক্যাল ফার্মে ১০–১৮ kWh/kg specific energy consumption-এর মতো মাত্রা পাওয়া গেছে এবং গবেষকরা বিদ্যুৎ ব্যবহারের অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। আরেকটি ২০২৫ সালের বড় review-তে দেখা যায়, ভার্টিক্যাল ফার্মে lettuce-এর উৎপাদনশীলতা ও resource-use efficiency ভালো হলেও energy use একটি বড় সীমাবদ্ধতা। গবেষণায় lighting ও climate control মোট energy use-এর বড় অংশ হিসেবে চিহ্নিত হয়েছে। তাই “ভার্টিক্যাল ফার্মিং মানেই শতভাগ পরিবেশবান্ধব”—এমন দাবি বৈজ্ঞানিকভাবে করা উচিত নয়।
বাংলাদেশে ভার্টিক্যাল ফার্মিংয়ের সম্ভাবনা
বাংলাদেশের জন্য ভার্টিক্যাল ফার্মিং বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও অন্যান্য ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে সম্ভাবনাময় হতে পারে। শহরে জমির মূল্য বেশি এবং কৃষিজমি সীমিত। কিন্তু তাজা সবজি, herbs, salad crop ও microgreens-এর বাজার রয়েছে। তাই ভোক্তার কাছাকাছি উৎপাদন করে premium market লক্ষ্য করা যেতে পারে। তবে বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়া indoor farm-এর cooling ও dehumidification cost বাড়াতে পারে। ফলে সম্পূর্ণ artificial-light indoor farm-এর পরিবর্তে hybrid vertical farming অনেক ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে।
বাংলাদেশে হাইব্রিড ভার্টিক্যাল ফার্মিং :বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় মডেল হতে পারে—প্রাকৃতিক আলো + shade control + vertical rack + hydroponics + প্রয়োজন অনুযায়ী LED supplemental lighting। এতে artificial lighting-এর ওপর সম্পূর্ণ নির্ভরতা কমানো সম্ভব হতে পারে। বিশেষ করে ছাদ, গ্রিনহাউস বা net-house-এর ভেতরে vertical rack স্থাপন করে leafy vegetable উৎপাদনের মডেল পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে।
তবে ভবনের ছাদে ফার্ম স্থাপনের আগে ভবনের structural capacity অবশ্যই প্রকৌশলগতভাবে যাচাই করতে হবে।
ভার্টিক্যাল ফার্মিংয়ে IoT ও সেন্সর প্রযুক্তি
আধুনিক ভার্টিক্যাল ফার্মকে আরও দক্ষ করতে sensor ও IoT ব্যবহার করা যায়। Temperature sensor, humidity sensor, pH meter, EC meter, water-level sensor এবং light sensor-এর মাধ্যমে উৎপাদন পরিবেশ পর্যবেক্ষণ করা সম্ভব। ডেটা মোবাইল বা কম্পিউটারে পাঠানো হলে কৃষক বা farm manager দূর থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। পরবর্তী ধাপে automation যুক্ত করে প্রয়োজন অনুযায়ী irrigation, lighting ও ventilation স্বয়ংক্রিয় করা সম্ভব। ২০২৫ সালের systematic review-গুলোতে high-efficiency LED, smart HVAC এবং IoT-based irrigation-কে energy efficiency বাড়ানোর গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভার্টিক্যাল ফার্মিংয়ে AI-এর সম্ভাবনা
ভবিষ্যতে Artificial Intelligence বা AI ভার্টিক্যাল ফার্মিংকে আরও তথ্যনির্ভর করে তুলতে পারে। ক্যামেরার মাধ্যমে পাতার রং, বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ বা পোকামাকড় শনাক্ত করা সম্ভব হতে পারে। বিভিন্ন sensor-এর তথ্য বিশ্লেষণ করে AI পানি, আলো বা পরিবেশ পরিবর্তনের প্রয়োজন সম্পর্কে পূর্বাভাস দিতে পারে।তবে AI কৃষকের অভিজ্ঞতার বিকল্প নয়; বরং এটি decision-support system হিসেবে ব্যবহার করা বেশি কার্যকর।
ব্যবসা হিসেবে ভার্টিক্যাল ফার্মিং
ভার্টিক্যাল ফার্মিং শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজার যাচাই। প্রথমেই জানতে হবে—কোন ফসলের চাহিদা বেশি, কার কাছে বিক্রি করা হবে এবং কত দামে বিক্রি করা সম্ভব। উৎপাদন খরচের মধ্যে শুধু বীজ, সার ও শ্রম নয়; র্যাক, পাম্প, LED, বিদ্যুৎ, পানি, sensor, maintenance, depreciation এবং packaging-এর খরচও ধরতে হবে। বিশেষ করে বিদ্যুৎ বিলকে আলাদা করে হিসাব করতে হবে। কারণ উৎপাদন ভালো হলেও বিদ্যুৎ ব্যয় বেশি হলে ব্যবসা লাভজনক নাও হতে পারে।
নতুন উদ্যোক্তার জন্য পরামর্শ
নতুন উদ্যোক্তাদের প্রথমেই বড় ভার্টিক্যাল ফার্ম স্থাপন না করে ছোট pilot farm দিয়ে শুরু করা উচিত। প্রথমে একটি বা দুটি ফসল নির্বাচন করুন। যেমন—লেটুস, মাইক্রোগ্রিন বা ধনেপাতা। একটি crop cycle-এর সব তথ্য লিখে রাখুন। কত পানি লাগল, কত বিদ্যুৎ ব্যবহার হলো, কত পুষ্টি প্রয়োজন হলো, কত শ্রম লাগল এবং কত কেজি বাজারযোগ্য পণ্য পাওয়া গেল—সব হিসাব রাখতে হবে। এরপর উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের তুলনা করে commercial expansion-এর সিদ্ধান্ত নেওয়া উচিত।
ভার্টিক্যাল ফার্মিংকে টেকসই করার কৌশল: ভার্টিক্যাল ফার্মিংকে অর্থনৈতিক ও পরিবেশগতভাবে আরও টেকসই করতে কয়েকটি কৌশল গুরুত্বপূর্ণ। প্রথমত, energy-efficient LED ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনের চেয়ে বেশি আলো দেওয়া যাবে না। তৃতীয়ত, renewable energy, বিশেষ করে solar power-এর সঙ্গে উৎপাদন ব্যবস্থাকে যুক্ত করার সম্ভাবনা বিবেচনা করতে হবে। চতুর্থত, পানি পুনঃব্যবহার ও nutrient management উন্নত করতে হবে। পঞ্চমত, energy-efficient cooling ও ventilation system ব্যবহার করতে হবে। ষষ্ঠত, কম শক্তি প্রয়োজন হয় এমন high-value crop নির্বাচন করতে হবে। সাম্প্রতিক গবেষণায় energy optimisation, smart irrigation, IoT এবং climate-control ব্যবস্থাকে ভার্টিক্যাল ফার্মের ভবিষ্যৎ দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপায় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপসংহার
ভার্টিক্যাল ফার্মিং বা উল্লম্ব কৃষি আধুনিক কৃষির একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যার মূল লক্ষ্য হলো সীমিত জায়গাকে সর্বোচ্চ দক্ষতায় ব্যবহার করে নিয়ন্ত্রিত পরিবেশে ফসল উৎপাদন করা। বিশেষ করে শহরাঞ্চলে যেখানে কৃষিজমির সংকট রয়েছে, সেখানে এই প্রযুক্তি তাজা শাকসবজি, herbs ও microgreens উৎপাদনের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। এর বড় সুবিধা হলো জমির দক্ষ ব্যবহার, নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর উৎপাদনের সম্ভাবনা, পানি ও পুষ্টির নিয়ন্ত্রিত প্রয়োগ এবং বাজারের কাছাকাছি উৎপাদন। কিন্তু উচ্চ বিদ্যুৎ খরচ, প্রযুক্তিগত জটিলতা, প্রাথমিক বিনিয়োগ ও দক্ষ জনবলের প্রয়োজন এ প্রযুক্তির বড় সীমাবদ্ধতা। ২০২৫ সালের গবেষণাগুলোও দেখাচ্ছে যে ভার্টিক্যাল ফার্মিংয়ের উৎপাদন ও resource-use efficiency আকর্ষণীয় হলেও energy use বর্তমানে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। তাই বাংলাদেশের জন্য সম্পূর্ণ high-tech indoor farm-এর পরিবর্তে কম শক্তি-নির্ভর, প্রাকৃতিক আলো ব্যবহারকারী hybrid vertical farming model অধিক বাস্তবসম্মত হতে পারে। সঠিক ফসল নির্বাচন, বাজার যাচাই, পানি-পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, energy efficiency এবং ধাপে ধাপে বিনিয়োগ—এই নীতিগুলো অনুসরণ করলে ভার্টিক্যাল ফার্মিং বাংলাদেশের নগর ও বাণিজ্যিক কৃষিতে একটি গুরুত্বপূর্ণ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
তথ্যসূত্র
১. FAO AGROVOC — Vertical farming।
২. Food and Agriculture Organization (FAO) — Modern indoor farming: opportunities and food safety challenges।
৩. Pennisi, G. et al. (2025) — Vertical farming: productivity, environmental impact, and resource use. A review, Agronomy for Sustainable Development.
৪. Miserocchi, L. & Franco, A. (2025) — Benchmarking energy efficiency in vertical farming: Status and prospects, Thermal Science and Engineering Progress.
৫. Aborujilah, A. (2025) — Towards Sustainable Vertical Farming: A Systematic Review of Energy Return on Investment Efficiency and Optimization Strategies, Sustainability.